ইলেকট্রিক স্কুটারের দুনিয়ায় এবার এক নতুন চমক নিয়ে হাজির হয়েছে Komaki। সংস্থাটি সম্প্রতি ভারতের প্রথম ইলেকট্রিক SUV স্কুটার লঞ্চ করেছে, যা দেখতে যেমন অনন্য, ব্যবহারেও তেমনি সুবিধাজনক (SUV Scooter)। পরিবারের সদস্যদের আরামদায়ক যাত্রার কথা মাথায় রেখেই তৈরি করা হয়েছে এই তিন চাকার স্কুটারটি। শুধু ঘরোয়া নয়, ব্যবসায়িক কাজেও এটি সমানভাবে কার্যকর—যারা আরাম, নিরাপত্তা এবং পারফরম্যান্স একসঙ্গে চান, তাদের জন্য এটি নিঃসন্দেহে এক আদর্শ পছন্দ হতে পারে।
কোম্পানিটি এবার বাজারে FAM1.0 এবং FAM2.0 নামের দুটি মডেল এনেছে। যেখানে FAM1.0 এর এক্স-শোরুম দাম মাত্র 99,999 টাকা এবং FAM2.0 এর এক্স-শোরুম দাম মাত্র 1,26,999 টাকা। এমনকি স্কুটারগুলিতে রয়েছে আকর্ষণীয় কিছু ফিচার, যা পরিবারের জন্য সেরা। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এ বিষয়ে।
শক্তিশালী Lipo4 প্রযুক্তির ব্যাটারি
প্রসঙ্গত, Komaki-র দুটি মডেলেই ব্যবহার করা হয়েছে আধুনিক Lipo4 ব্যাটারি, যা ৩০০০ থেকে ৫০০০ চার্জ চক্র পর্যন্ত টিকে থাকতে সক্ষম। এই ব্যাটারিগুলি শুধু হালকা ও কম্প্যাক্ট নয়, বরং অতিরিক্ত গরম হওয়া, আগুন লাগা বা বিস্ফোরণের ঝুঁকি কমিয়ে নিরাপত্তার দিক থেকেও আরও উন্নত। দ্রুত চার্জ হওয়ার ক্ষমতার কারণে অপেক্ষা করতে হয় না বেশিক্ষণ, যা দৈনন্দিন ব্যবহারে বেশ সুবিধাজনক। তাছাড়া, এটি একটি লিথিয়াম-ভিত্তিক পরিবেশবান্ধব ব্যাটারি, যা দূষণ কমাতে সহায়তা করে। আর দীর্ঘ রাইড বা লং-ড্রাইভের ক্ষেত্রেও এই ব্যাটারি প্রযুক্তির স্কুটার দারুণ পারফরম্যান্স দেয়।
স্মার্ট ফিচার
FAM1.0 এবং FAM2.0 স্কুটার দুটি আধুনিক স্মার্ট ফিচারে সজ্জিত। এর মধ্যে সেলফ ডায়াগনোসিস সিস্টেম আছে, যা যে কোনও সমস্যাকে স্বয়ংক্রিয়ভাবে সনাক্ত করে সতর্কবার্তা দেয়। সংকীর্ণ জায়গায় সহজে ঘোরানোর জন্য রিভার্স অ্যাসিস্ট সুবিধা রয়েছে, আর অটো-হোল্ড ব্রেক লিভার ব্রেকিং আরও নিরাপদ করে তোলে। স্কুটারের ড্যাশবোর্ডে দেখা যাবে রিয়েল টাইম রাইড ডেটা, নেভিগেশন তথ্য, কল এবং নোটিফিকেশন এলার্ট, পাশাপাশি বিভিন্ন গিয়ার মোডের মাধ্যমে পাওয়ার এবং স্পিড নিয়ন্ত্রণের সুবিধাও থাকবে। সবথেকে বড় ফিচার হলো, একবার চার্জে FAM1.0 স্কুটার ১০০ কিলোমিটার, আর FAM2.0 স্কুটার ২০০ কিলোমিটারের বেশি রেঞ্জ দিতে সক্ষম।
এদিকে পরিবার ও মালপত্র বহনের জন্য রয়েছে আরামদায়ক সিট, বড় 80 লিটারের বুট স্পেস। পাশাপাশি সামান্য জিনিসপত্র রাখার জন্য ফ্রন্ট বাস্কেট রয়েছে। আর LED DRL ইন্ডিকেটর দেওয়া থাকছে। পাশাপাশি হ্যান্ড ব্রেক ও ফুট ব্রেকের সুবিধাও রয়েছে। আর এই ফিচারগুলি মূলত ইলেকট্রিক স্কুটারের দুনিয়ায় সচরাচর দেখা যায় না।








