Home Telecom News Vodafone Idea স্যাটেলাইট প্রযুক্তি: প্রত্যন্ত এলাকায় মোবাইল নেটওয়ার্কের নতুন সম্ভাবনা

Vodafone Idea স্যাটেলাইট প্রযুক্তি: প্রত্যন্ত এলাকায় মোবাইল নেটওয়ার্কের নতুন সম্ভাবনা

707

পাহাড়ি গ্রাম হোক বা গভীর জঙ্গল—যেখানে আজও মোবাইল নেটওয়ার্ক পৌঁছানো কঠিন, এবার সেখানেই স্যাটেলাইটের মাধ্যমে নেটওয়ার্ক পরিষেবা নিয়ে হাজির হচ্ছে Vodafone Idea (Vi)। স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য এই সুবিধা আনতে Vi হাত মিলিয়েছে আমেরিকার প্রযুক্তি সংস্থা AST SpaceMobile-এর সঙ্গে। এই সংস্থাটি দীর্ঘদিন ধরে এমন একটি প্রযুক্তি নিয়ে কাজ করছে, যাতে স্যাটেলাইট থেকে সরাসরি মোবাইল ফোনে নেটওয়ার্ক পৌঁছে দেওয়া যায়—যাতে পৃথিবীর যেকোনো প্রান্তেও কানেকশন বজায় থাকে।

Vodafone Idea আনছে স্যাটেলাইট-নেটওয়ার্ক

ভারতের মতো বড় ও বৈচিত্র্যময় দেশের জন্য ভোডাফোন আইডিয়ার স্যাটেলাইট-ভিত্তিক ইন্টারনেট পরিষেবা সত্যিই এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ। কারণ এখনও দেশের বহু জায়গায়, বিশেষ করে গ্রাম বা পাহাড়ি এলাকায়, মোবাইল টাওয়ারই নেই। ঠিক সেই কারণেই Vi চাইছে এই নতুন স্যাটেলাইট প্রযুক্তির সাহায্যে দেশের প্রত্যন্ত অঞ্চলেও ব্রডব্যান্ড ইন্টারনেট পৌঁছে দিতে—যাতে সবার জন্য ডিজিটাল কানেকশন নিশ্চিত করা যায়।

যৌথ ভাবে এই উদ্যোগের মধ্যে AST SpaceMobile পুরো স্যাটেলাইট সিস্টেম তৈরি ও পরিচালনা করবে। অন্যদিকে, ভোডাফোন আইডিয়ার কাঁধে ভারতীয় বাজারে স্পেকট্রাম ব্যবহারের, নেটওয়ার্কের সাথে একত্রীকরণ এবং গ্রাহক পরিষেবার দায়িত্ব থাকবে।

জানিয়ে রাখি, ইলন মাস্কের Starlink ইতিমধ্যেই ভারতীয় বাজারে স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট পরিষেবা চালু করার ছাড়পত্র পেয়ে গেছে। তারাও একইভাবে দেশের প্রত্যন্ত অঞ্চলে দ্রুতগতির ইন্টারনেট পরিষেবা পৌঁছে দেওয়ার পরিকল্পনা করেছে। ফলে ভোডাফোন আইডিয়ার জন্য লড়াইটা সহজ হবে না।

গ্রাহকরা পাবে ‘Direct-to-Device’ স্যাটেলাইট কানেক্টিভিটি?

‘ডাইরেক্ট টু ডিভাইস’ হল এমন এক দুর্দান্ত প্রযুক্তি, যার মাধ্যমে আপনার সাধারণ 4G বা 5G স্মার্টফোন সরাসরি স্যাটেলাইটের সঙ্গে কানেক্ট করতে পারবে। মজার ব্যাপার হলো, এর জন্য আপনাকে আলাদা করে কোনো অ্যাপ ডাউনলোড করতে হবে না, ফোনে নতুন আপডেট আনতে হবে না, এমনকি নতুন ফোন কেনারও দরকার নেই। যেটা আপনার হাতে আছে, সেটাই চলবে!

কবে পাওয়া যাবে এই পরিষেবা

ভোডাফোন আইডিয়ার পক্ষ থেকে এখনও স্পষ্টভাবে জানানো হয়নি ঠিক কবে স্যাটেলাইট-ভিত্তিক ইন্টারনেট পরিষেবা চালু হবে। কারণ, পুরো প্রক্রিয়াটাই এখনো প্রাথমিক স্তরে রয়েছে। তবে ইতিমধ্যেই পরীক্ষামূলক কাজ ও প্রযুক্তিগত ইন্টিগ্রেশন জোরকদমে চলছে। সব ঠিকঠাক চললে আগামী কয়েক মাসের মধ্যেই এই বিষয়ে আরও বিস্তারিত তথ্য সামনে আসতে পারে।