TachDaily Disk: ২০২৬ সালের প্রজাতন্ত্র দিবসের ঠিক আগে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে ভারতের মধ্যে একটি সম্ভাব্য মুক্ত বাণিজ্য চুক্তি (India-EU Trade Deal) আলোচনায় রয়েছে। ইউরোপীয় ইউনিয়নের প্রেসিডেন্ট উরসুলা ভন ইতিমধ্যেই এই চুক্তিকে “মাদার অফ অল ডিল” হিসেবে অভিহিত করেছেন। বিশেষ চুক্তি কার্যকর হলে, ইউরোপ থেকে আমদানি করা গাড়ির উপর শুল্ক কমানো হবে, যার ফলে ফোর হুইলারের দাম কমতে পারে। এই বৈঠক অনুষ্ঠিত হচ্ছে ২৭ জানুয়ারি, প্রজাতন্ত্র দিবসের দিন, এবং তা দুই পক্ষের মধ্যে আনুষ্ঠানিক স্বাক্ষরের সম্ভাবনা রয়েছে।
অনেকটাই কমবে চার চাকার দাম?
সংবাদ সংস্থা রয়টার্সের সূত্রে জানা যাচ্ছে, ভারত ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে যে বিশেষ মুক্ত বাণিজ্য চুক্তি হতে যাচ্ছে, তার ফলে ভবিষ্যতে ইউরোপের ২৭টি দেশে ভারত বিনা শুল্কে বাণিজ্য করতে পারবে। এর পাশাপাশি, ভারতের বাজারে ইউরোপ থেকে আমদানি করা গাড়ির শুল্কও উল্লেখযোগ্য হারে কমতে পারে। বর্তমানে ভারত এই ধরনের গাড়িতে সর্বোচ্চ ১১০% শুল্ক আরোপ করে থাকে, কিন্তু চুক্তির পর তা প্রায় ৪০% পর্যন্ত নেমে আসবে বলে ধারণা করা হচ্ছে। বিশেষ করে যেসব গাড়ির দাম ১৬ লাখ ৩০ হাজার টাকার বেশি, সেগুলিতে এই শুল্ক প্রযোজ্য হবে। কেন্দ্রীয় সরকার ধাপে ধাপে এই শুল্ক আরও কমানোর পরিকল্পনা করছে। ফলস্বরূপ, মার্সেডিজ বেঞ্জ, ফক্সফগেন, BMW, স্কোডা, ফিয়াটসহ ইউরোপীয় ব্র্যান্ডের গাড়ির দাম ভারতে উল্লেখযোগ্যভাবে কমতে পারে, যা ক্রেতাদের জন্য স্বস্তির এবং বাজারে প্রতিযোগিতা বাড়ানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে।
প্রসঙ্গত, আগামীকাল অর্থাৎ মঙ্গলবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাথে বৈঠকে বসবেন ইউরোপীয় ইউনিয়নের প্রেসিডেন্ট ভন। ওই বৈঠকেই ভারতের সাথে ইউরোপীয় ইউনিয়নের মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে চূড়ান্ত পর্বের আলোচনা হবে। আর তারপরেই দুপক্ষ বিশেষ চুক্তিতে স্বাক্ষর করতে পারে। এই চুক্তি ছাড়াও প্রতিরক্ষা ক্ষেত্রে ভারত এবং ইউরোপের দেশগুলির মধ্যে সহযোগিতা বৃদ্ধির দিকেও পদক্ষেপ নেবে ভারত ও ইউরোপীয় ইউনিয়ন।









