Phone Hack: আজকের দিনে ইন্টারনেট ব্যবহার যেমন বাড়ছে, ঠিক তেমনই বাড়ছে ফোন হ্যাকিংয়ের ঘটনাও। প্রতিদিন নতুন নতুন কৌশল নিয়ে হাজির হচ্ছে হ্যাকাররা। কখনও সন্দেহজনক লিঙ্কে ক্লিক করলে, আবার কখনও অজানা অ্যাপ ডাউনলোড করলেই আপনার স্মার্টফোন চলে যেতে পারে হ্যাকারদের নিয়ন্ত্রণে। তবে আপনি যদি একটু সচেতন থাকেন, তাহলে আগে থেকেই বুঝতে পারবেন আপনার ফোন হ্যাক হয়েছে কি না। কারণ ফোন হ্যাক হলে কিছু স্পষ্ট লক্ষণ দেখা যায়, যা সহজেই নজরে আসতে পারে। এই প্রতিবেদনে আমরা জানাবো সেই লক্ষণগুলির কথাই, যাতে আপনি আগে থেকেই সতর্ক হতে পারেন এবং আপনার ডিভাইসকে সুরক্ষিত রাখতে পারেন।
ব্যাটারি লাইফ(Phone Hack)
যদি আপনার ফোনের ভালো ব্যাটারি দ্রুত শেষ হয়ে যায়, তাহলে বুঝতে হবে আপনার ফোন হ্যাক হয়েছে, কারণ অনেক সময় ব্যাকগ্রাউন্ডে স্পাই অ্যাপ চলার কারণে ফোনের ব্যাটারি দ্রুত শেষ হয়ে যায়। এমন পরিস্থিতিতে ফোনের ব্যাটারির দিকে নজর দেওয়া প্রয়োজন।
ফোনে অপ্রয়োজনীয় অ্যাপ
অনেক সময় আমরা নিজের অজান্তেই এমন কিছু অ্যাপ দেখতে পাই, যেগুলো কখনও ইনস্টল করিনি। যদি এমন কিছু থার্ড পার্টি অ্যাপ হঠাৎ আপনার ফোনে চলে আসে, তাহলে সেটি চিন্তার বিষয় হতে পারে। কারণ, হ্যাকাররা অনেক সময় গোপনে এই ধরনের অ্যাপ ইনস্টল করিয়ে আপনার ব্যক্তিগত তথ্য চুরি করার চেষ্টা করে।
ডিভাইস অতিরিক্ত গরম হলে
স্পাই অ্যাপগুলো সাধারণত প্রতি মুহূর্তে আপনার ফোনের লোকেশন ট্র্যাক করে, আর তার জন্য জিপিএস ব্যবস্থাকে ব্যবহার করে। এখন ভাবুন তো—এই জিপিএস কিন্তু সবসময় চালু থাকলে ফোনের হার্ডওয়্যারের উপর প্রচণ্ড চাপ পড়ে। এর ফলেই দেখা যায় ফোন হঠাৎ গরম হয়ে যাচ্ছে, বিশেষ করে যখন আপনি কিছুই করছেন না। তাই যদি দেখেন ফোন কোনো ব্যবহার ছাড়াই হঠাৎ গরম হচ্ছে, তাহলে সেটিকে হালকাভাবে নেবেন না।
ডেটা দ্রুত শেষ হয়ে যাওয়া
হ্যাকাররা আপনার ফোন ট্র্যাক করার চেষ্টা করার কারণে ডেটা খরচ বেড়ে যায়, ফলে দ্রুত ডেটা শেষ হয়ে যায়। তাই কোনো কাজ ছাড়াই যদি দেখেন ফোনের ডেটা দ্রুত শেষ হয়ে যাচ্ছে, তাহলে অবশ্যই বিষয়টি গুরুত্ব দিয়ে দেখুন।
ডিভাইসে ত্রুটি নজরে আসা
আপনার ফোন হ্যাক হয়ে গেলে কিছু অস্বাভাবিক লক্ষণ দেখা দিতে পারে, যেমন—ডিভাইসের স্ক্রিন হঠাৎ ফ্ল্যাশ করা, ফোনের সেটিংস বারবার নিজের থেকে পরিবর্তন হয়ে যাওয়া, অথবা ফোন হঠাৎ করেই কাজ করা বন্ধ করে দেওয়া। যদি এমন কিছু আপনার ফোনে লক্ষ্য করেন, তাহলে সতর্ক হওয়া জরুরি। কারণ এগুলি হতে পারে হ্যাকিংয়ের স্পষ্ট ইঙ্গিত। নিরাপত্তার স্বার্থে দ্রুত কোনও এক্সপার্টের পরামর্শ নেওয়া বা ফোন রিসেট করে নিরাপত্তা ব্যবস্থা শক্ত করা বুদ্ধিমানের কাজ হবে।
কলিংয়ে ব্যাকগ্রাউন্ড নয়েজ
কিছু স্পাই অ্যাপ আপনার ফোন কল রেকর্ড করতে পারে। তাই, যদি ফোনে কথা বলার সময় পেছনের দিক থেকে অজানা কোনো শব্দ বা নয়েজ শোনা যায়, তাহলে সতর্ক হওয়া খুব জরুরি। কারণ এটা হ্যাকিংয়ের একটা লক্ষণ হতে পারে। এ ধরনের পরিস্থিতিতে আপনার ফোনের নিরাপত্তা পরীক্ষা করে নেওয়াই ভালো।
ভুয়ো ব্রাউজিং হিস্ট্রি
যদি দেখেন আপনি সার্চ করেননি এমন বিষয়ও ব্রাউজিং হিস্ট্রিতে দেখা যাচ্ছে তাহলে সতর্ক হোন। হ্যাকাররা ফোনের নিয়ন্ত্রণ নিয়ে ম্যালিশিয়াস ওয়েবসাইটের মাধ্যমে ডেটা চুরি করে।






