BSNL Quantum 5G: অবশেষে BSNL তাদের বহু প্রতীক্ষিত 5G পরিষেবার নাম ঘোষণা করল! এই নতুন পরিষেবার নাম রাখা হয়েছে BSNL Q-5G, যার পূর্ণরূপ ‘Quantum 5G’। আজ, ১৮ জুন ২০২৫ তারিখে, BSNL তাদের অফিসিয়াল X (পূর্বে টুইটার) অ্যাকাউন্ট থেকে এই ঘোষণাটি করেছে। সবচেয়ে মজার বিষয় হলো—এই নামটি কিন্তু কোম্পানি নিজে থেকে ঠিক করেনি। কিছুদিন আগে BSNL দেশের মানুষের কাছে অনুরোধ করেছিল যেন তারা 5G পরিষেবার জন্য একটা সুন্দর নাম প্রস্তাব করেন। সেই প্রতিক্রিয়ার মধ্যে থেকেই নির্বাচিত হয়েছে ‘Quantum 5G’ নামটি।
আসছে BSNL Quantum 5G
BSNL তাদের পোস্টে লিখেছে –
“নামটা আপনারা দিলেন, আর সেটাকে আমরা বাস্তবে রূপ দিলাম! আজ থেকে শুরু হল BSNL Q-5G – অর্থাৎ Quantum 5G-এর নতুন যাত্রা। এই ঐতিহাসিক মুহূর্তে আমাদের পাশে থাকার জন্য আপনাদের সকলকে জানাই আন্তরিক ধন্যবাদ। এটি শুধু একটি নতুন পরিষেবা নয়, এটা আমাদের একসঙ্গে গড়ে তোলা ভবিষতের প্রতিচ্ছবি।”
এই ঘোষণার পাশাপাশি সংস্থার উত্তরপ্রদেশ (পূর্ব) শাখা ‘Quantum 5G Fixed Wireless Access’ পরিষেবার সূচনা করেছে। এর মাধ্যমে সিম ছাড়াই উচ্চ-গতির ইন্টারনেট পরিষেবা পাওয়া যাবে। সংস্থাটি একেবারে তারহীন এবং নির্ভরযোগ্য কানেকশন দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে।
তবে BSNL-এর এই নতুন FWA (Fixed Wireless Access) পরিষেবা এখনই সবার জন্য নয়। আপাতত এটি শুধুমাত্র ব্যবসায়িক বা কর্পোরেট গ্রাহকদের জন্য চালু করা হয়েছে। ব্যক্তিগত ব্যবহারকারীরা এই পরিষেবা কিছুটা পরে পেতে পারেন। এই FWA পরিষেবার মাধ্যমে ইন্টারপ্রাইজ লেভেলে 5G-ভিত্তিক হাই-স্পিড ইন্টারনেট ব্যবহার করা যাবে, আর এর মাসিক খরচ শুরু হচ্ছে ₹৯৯৯ থেকে। বর্তমানে এটি শুধুমাত্র কিছু নির্দিষ্ট শহরে চালু হচ্ছে, ধীরে ধীরে আরও এলাকায় বিস্তার ঘটানো হবে।





