Home Tach And Tips আইফোনের মতোই অ্যান্ড্রয়েডে আসছে ইমার্জেন্সি লাইভ ভিডিও সুবিধা

আইফোনের মতোই অ্যান্ড্রয়েডে আসছে ইমার্জেন্সি লাইভ ভিডিও সুবিধা

416

Emergency SOS Live Video: স্মার্টফোন এখন কেবল যোগাযোগের মাধ্যম নয়, বরং জরুরি মুহূর্তে একটি নির্ভরযোগ্য সহায়ক সরঞ্জামও হয়ে উঠেছে। দুর্ঘটনা বা বিপদের সময় ব্যবহারকারীরা ফোনের মাধ্যমে দ্রুত প্রিয়জনদের খবর দিতে পারেন, পাশাপাশি সরাসরি জরুরি সেবার সঙ্গে যোগাযোগও করতে পারেন। এই প্রেক্ষাপটে অ্যাপল তাদের নতুন ‘ইমার্জেন্সি এসওএস লাইভ ভিডিও’ সুবিধা চালু করেছে। তাতেও শেষ নয়—গুগল তাদের পিক্সেল ফোনে স্বয়ংক্রিয়ভাবে গাড়ি দুর্ঘটনা শনাক্তকরণ, সেফটি চেক এবং সংকটকালীন সতর্কবার্তা পাঠানোর মতো সুবিধা চালু করেছে। এবার সেই তালিকায় যোগ হতে পারে আইফোনের মতো ফিচার, যা ব্যবহারকারীদের জরুরি অবস্থায় লাইভ ভিডিও মাধ্যমে সাহায্য পৌঁছে দিতে সক্ষম করবে।

গত বছর অ্যাপল ইমার্জেন্সি এসওএস লাইভ ভিডিও সুবিধা চালু করে। এই ফিচারের মাধ্যমে জরুরি সেবাকর্মীরা প্রয়োজন হলে বিপদগ্রস্ত ব্যক্তির আইফোনের ক্যামেরা চালু করে ঘটনাস্থলের সরাসরি ভিডিও বা ছবি দেখতে পারেন। যদিও ব্যবহারকারীরা নিজেরা এসব ভিডিও বা ছবি সংরক্ষণ করতে পারবে না, জরুরি সেবাকর্মীরা তা সংরক্ষণ করতে পারেন।

অন্যদিকে, প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট অ্যান্ড্রয়েড অথরিটি জানিয়েছে, গুগল প্লে সার্ভিসের সর্বশেষ বেটা সংস্করণে কিছু নতুন কোড পাওয়া গেছে। সেখানে লেখা আছে, ‘Share Live Video’ এবং ‘Emergency Services will use your camera to view this emergency’. এর মাধ্যমে ধারণা করা হচ্ছে, অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরাও শিগগিরই জরুরি সেবার সঙ্গে সরাসরি লাইভ ভিডিও শেয়ার করার সুযোগ পাবেন।

আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -

অ্যান্ড্রয়েড ফোনে জরুরি মুহূর্তে লাইভ ভিডিও–সুবিধা চালুর বিষয়ে এখনো গুগলের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। এই সুবিধা সব অ্যান্ড্রয়েড ফোনে চালু হবে, না শুধু গুগলের পিক্সেল ফোনে সীমাবদ্ধ থাকবে, সেটিও পরিষ্কার নয়।

প্রসঙ্গত, বর্তমানে গুগলের পিক্সেল ফোনে সীমিত পর্যায়ে জরুরি ভিডিও ধারণের সুবিধা চালু রয়েছে। এই সুবিধায় সর্বোচ্চ ৪৫ মিনিট পর্যন্ত ভিডিও ধারণ করার পর ১৫ সেকেন্ডের মধ্যে ভিডিওর লিংক স্বয়ংক্রিয়ভাবে নির্ধারিত জরুরি নম্বরে পাঠানো যায়। তবে অ্যাপলের মতো সরাসরি জরুরি সেবার সঙ্গে যুক্ত ব্যক্তিরা লাইভ ভিডিও স্ট্রিমিং করতে পারেন না।