Home Automobiles News মারুতি সুইফ্টের দাম কমল, জিএসটি হ্রাসের প্রভাবে ক্রেতাদের জন্য বড় সুযোগ

মারুতি সুইফ্টের দাম কমল, জিএসটি হ্রাসের প্রভাবে ক্রেতাদের জন্য বড় সুযোগ

375

Maruti Suzuki Price Update: কেন্দ্রীয় সরকারের নতুন জিএসটি হারের সুবিধা এবার দেশের গাড়ি ক্রেতাদের জন্য বেশ লাভজনক প্রমাণিত হচ্ছে। এই কর সংস্কারের কারণে মারুতি সুজুকি তাদের জনপ্রিয় হ্যাচব্যাক সুইফ্টের দাম উল্লেখযোগ্যভাবে কমিয়েছে। নতুন জিএসটি হারের প্রভাবেই সুইফ্ট গাড়ির দাম এখন প্রায় ৮১,০০০ টাকা পর্যন্ত কমে এসেছে।

কত দাম?

নতুন জিএসটি হারের অনুযায়ী ছোট গাড়িগুলির (১,২০০ সিসি পর্যন্ত, ৪ মিটার পর্যন্ত দৈর্ঘ্য) জন্য কর কমিয়ে ১৮ শতাংশ করা হয়েছে, যা আগে ২৮% ছিল। এই পরিবর্তনের প্রভাব সুইফ্টের দামের ওপরও পড়েছে। ফলস্বরূপ, গাড়িটির দাম প্রায় ৮.৫ শতাংশ কমে এসেছে। বিশেষভাবে ZXI প্লাস পেট্রোল-অটোমেটিক ভ্যারিয়েন্টের জন্য সর্বোচ্চ ৮১,০০০ টাকা পর্যন্ত সুবিধা পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে।

ভারতীয় বাজারে মারুতি সুজুকি সুইফ্ট অন্যতম জনপ্রিয় গাড়ি। এর আকর্ষণীয় ডিজাইন, ভালো মাইলেজ এবং কম রক্ষণাবেক্ষণের খরচ এটিকে ক্রেতাদের কাছে আরও প্রিয় করে তুলেছে। এছাড়াও, কম ইএমআই এবং সহজ ঋণের বিকল্পের কারণে এটি কেনাও সহজ। নতুন জিএসটি হারের সুবিধা পাওয়ার সঙ্গে সঙ্গে উৎসবের মরশুমে সুইফ্টের বুকিং ও ডেলিভারি আরও বাড়তে পারে বলে আশা করছেন বিক্রেতারা।

বর্তমানে চতুর্থ প্রজন্মের মারুতি সুইফ্ট বাজারে রয়েছে 

১.২ লিটার, তিন সিলিন্ডার Z-সিরিজ পেট্রোল ইঞ্জিনের সঙ্গে মারুতি সুইফ্ট বাজারে এসেছে। এই ইঞ্জিন সর্বোচ্চ ৮২ বিএইচপি শক্তি এবং ১১২ এনএম টর্ক উৎপন্ন করতে সক্ষম। ক্রেতারা ৫-স্পিড ম্যানুয়াল গিয়ারবক্স অথবা ৫-স্পিড AMT ইউনিট সহ হ্যাচব্যাকটি পছন্দমতো বেছে নিতে পারেন।

সুরক্ষার দিক থেকেও সুইফ্ট নজর কাড়ছে। এতে ARENA সেফটি শিল্ডের পাশাপাশি ৬টি এয়ারব্যাগ, ইলেকট্রনিক স্ট্যাবিলিটি প্রোগ্রাম+ (ESP), অ্যান্টি-লক ব্রেকিং সিস্টেম (ABS), ইলেকট্রনিক ব্রেকফোর্স ডিস্ট্রিবিউশন (EBD), হিল হোল্ড কন্ট্রোল, রিভার্স পার্কিং সেন্সর, ৩-পয়েন্ট সিট বেল্ট এবং সিট বেল্ট রিমাইন্ডার অন্তর্ভুক্ত রয়েছে। পাশাপাশি এই গাড়িতে ৩ বছর বা ১,০০,০০০ কিলোমিটার পর্যন্ত ওয়ারেন্টি দেওয়া হচ্ছে, যা ক্রেতাদের জন্য বাড়তি নিশ্চয়তা দেয়।